মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাচামারা এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চার পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫)। পথচারী মোস্তফা শিকদার (৫২), রোকেয়া বেগম (৪৫), ভ্যান চালক লিটু শরীফ (৫০) ও মোফাজ্জেল হোসেন খান (৫৫)।
আহতরা হলেন, প্রাইভেটকারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রলপাম্প থেকে তেল নিয়ে উল্টো পথে রওয়ানা করে। এ সময় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এটিকে (ঢাকা মেট্রো-গ-৩১-১৪৫৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো দুইজনের।
আরও পড়ুন: গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহতদের মধ্যে ৪ জনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে জানিয়েছেন- শিবচর হাইওয়ে পুলিশের ইনর্চাজ গাজী সাখাওয়াত হোসেন। এদের মধ্য মোস্তফা শিকদার ও রোকেয়া বেগম একই বাড়ির।
ঘাতক গ্রামীণ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাত্তর/আরএ