কোন দিন কলেজের বারান্দাতেও পা দতে না পারলেও, নিজেকের একজন নামকরা সার্জন বা শল্য চিকিৎসক হিসাবেই পরিচয় দিতেন জালাল হোসেন (৩৪)।
শুধু তাই নয় নামের আগে ডাক্তার আর নামের শেষে বিশেষ সব ডিগ্রির কথাও উল্লেখ করতে ভুল হতো না তার। হাবে ভাবেও ছিলেন নামকরা একজন সার্জনের মতোই।
দীর্ঘ সাত বছরের ডাক্তারি জীবনে বেশ কয়েকজন রোগীর জটিল অপারেশনও করেছেন। নিজ এলাকায়ও রয়েছে জালালের বেশ নামডাক।
তবে, বেশিদিন টিকেনি মেট্রিক পাশ এই সার্জনের চিকিৎসাজীবন। আসল পরিচয় বের হতেই তাকে ধরে যায় ‘বেরসিক’ অভিজাত বাহিনী র্যাব।
সোমবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পূর্বপাড় এলাকা থেকে জালাল নামের সেই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৭। তার গ্রামের বাড়ি বাগেরহাট।
আটকের বিষয়টি স্বীকার করে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাজীবনে এইচএসসির গন্ডি পেরুতে পারেননি জালাল হোসেন। তবে তিনি বন্দর এলাকার নামকরা সার্জন।
এই ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো, এমন অভিযোগের পর কলসী দিঘীর আরকে ড্রাগ হাউস ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে চিকিৎসকের
ভুয়া প্যাড, চিকিৎসা ও অপারেশনের সরঞ্জাম উদ্ধার করে র্যাব। পরবর্তীতে তাকে বন্দর
থানায় হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসএ