নীলফামারীর সৈয়দপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের যাত্রী আবুল কাশেম (৬০) নিহত হয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে সৈয়দপুরের বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
এসময় ওই রিকশাভ্যানে থাকা আবুল কাশেমের ছেলে আবুল কালাম (২৬) এবং রিকশাভ্যানের চালক রফিকুল ইসলাম (৩৬) আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আবুল কাশেম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান জানান, দিনাজপুরগামী ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪ কাভার্ডভ্যানটি সৈয়দপুর বাইপাস মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে বাস টার্মিনাল মুখি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানকে মুখোমুখি ধাক্কায় দেয়। এতে রিকশাভ্যানের যাত্রী আবুল কাশেম ও তার ছেলে আবুল কালাম এবং রিকশাভ্যানের চালক রফিকুল ইসলাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে নেওয়ার পথেই মারা যান আবুল কাশেম।
থানা পুলিশের পরিদর্শক আরো জানান, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে নিহত আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চা বিক্রেতা সেজে খুন করতেন তারা!
আহত যাত্রী আবুল কালাম এবং রিকশাভ্যান চালক রফিকুল ইসলাম সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
একাত্তর/আরএ