ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বহুতল ভবনে আগুনের ঘটনায় ছয় বছরের ছেলে জুবায়েরের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার বাবা মকবুল হোসেন (৪০)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শরিফপুর ইউনিয়নের সফর মিয়ার ছেলে।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। এসময় নিহত মকবুল হোসেনের ছেলে জুবায়ের (৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এছাড়া এ ঘটনায় মকবুল হোসেনের স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের আরেক ছেলে জয় (১২) দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শরীয়তনগর এলাকায় স্থানীয় মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নিচতলার ভাড়া থাকতেন মকবুল হোসেন ও তার পরিবার। রাত সোয়া ১০ টার দিকে ভবনের নীচতলায় বিকট শব্দে আগুনের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শিশুর মৃত্যু
এসময় কিছু বুঝার আগেই মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়। আগুনের ফলে বাসার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকারে দরজা খুঁজে না পাওয়ায় তারা বের হতে পারেনি।
ফলে তারা বাসার ভেতরে আটকে অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
নিহতের চাচা মোহাম্মদ মমিনুল ইসলাম হোসেন জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর রাতেই মকবুল হোসেন ও তার পরিবারের আরও দুই সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মকবুল হোসেন মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হলেও গ্যাস পাইপলাইনের ত্রুটির কারণে এমনটি ঘটতে পারে। অধিকতর তদন্তে আগুনের প্রকৃত কারণ বেড়িয়ে আসবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, 'মকবুল হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।'