অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা পাওয়া আসামি পলাতক রয়েছেন। এ সময় ওই মামলা থেকে দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল। তিনি নড়াইল সদর থাকার ভাওয়াখালি গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে।

খালাস পাওয়ারা হলেন, মাসুম ওরফে গ্রিল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহ।

মামলায় জানা যায়, ২০১৬ সালের ২৮ আগস্ট নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র বেচা-কেনার খবরে বাবুলকে বাড়ি থেকে আটক করে। এসময় মাসুম ও নাসিমকেও আটক করে পুলিশ। পরে তল্লাশি করে বাবুলের কোমরে থাকা ছয় রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও তার ঘরের খাটের নিচ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ওই দিনই তৎকালিন এসআই জাহিদুল ইসলাম নড়াইল সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় এবং জব্দ আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। 


একাত্তর/এসি