গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) দুপুরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, পরিত্যক্ত ওই বাড়ির বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে যায় ইলেকট্রিক মিস্ত্রি। এ সময় দুর্গন্ধ পেয়ে ইলেক্ট্রিশিয়ান একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বাড়ির মালিক স্থানীয় রড ব্যবসায়ী আইয়ুব হোসেনকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার হওয়া তরুণের বয়স আনুমানিক ১৩। তার কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পড়নে ছিল হালকা কফি কালারের প্যান্ট ও গাঢ় সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি।
আরও পড়ুন: ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
নিহতের পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মফিদুল ইসলামে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে, যোগ করেন ওসি।
একাত্তর/আরএ