পিরোজপুরের মঠবাড়িয়া শহরের রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রী স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় গুরুতর আহত গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
এরপর পুলিশ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠ মিস্ত্রী মামুন খান কে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ঐ গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তার পরিবার বলছে, গত ১০ বছর ধরে এ দম্পতি তাদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। মামুন খান পেশায় একজন কাঠ মিস্ত্রী। গত দুই বছর ধরে সে একই মহল্লায় থাকা তানিয়া বেগম নামে এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই পরকীয়ার জের ধরেই মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলছিলো।
সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় মামুন হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। পরে আহত তানিয়াকে উদ্ধার করে প্রতিবেশীরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর মা মমতাজ বেগম বাদি হয়ে নিহত মেয়ের জামাই মামুন খান ও তার কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর মা জামাইসহ দুইজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত স্বামী গ্রেপ্তার।
একাত্তর/ এনএ