নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির আগের আহবায়ক কমিটি বিদ্যমান রেখে আবার নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আর এই দ্বন্দ্বের জেরে নবগঠিত আহবায়ক কমিটির ২৮ জন সদস্যের মধ্যে থেকে ২১ জন সদস্য পদত্যাগ করেছেন।
বুধবার (১৬ মার্চ) স্থানীয় বিএনপি কর্মীরা জানান, চলতি মাসের ১০ তারিখে নবগঠিত কমিটির ২১ জন পদত্যাগ করেন। এ বিষয়ে উদ্ধর্তন নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বড়গাছা ইউনিয়ন বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর এখানে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিরোধের কারণে সেই কমিটি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এর পর হঠাৎ করেই চলতি মাসের ৫ তারিখে আগের কমিটি বহাল রেখে অনিয়মতান্ত্রিকভাবে ২৮ সদস্য বিশিষ্ট আরেকটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এখানে কিছু নেতৃবৃন্দ নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করেছেন বলে আবেদনে দাবি করা হয়েছে।
আবেদনে বলা হয়, ‘গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও দলকে ধ্বংস করার প্রতিবাদে কমিটি থেকে আমরা পদত্যাগ করছি।’ পাশাপাশি এই ইউনিয়ন বিএনপিকে গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সদ্য অনুমোদিত নতুন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে তৃণমূলের নেতা/কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া যেকোনো পরিস্থিতির জন্য উপজেলা বিএনপি দায়ী থাকবে বলে ২১ জন স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালে গঠিত কমিটির আহবায়ক মহরম আলী জানান, আমাদের আগের কমিটি বহাল রেখেই আবার নতুন একটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটা কি করে সম্ভব।
তিনি বলেন, ইউনিয়নের নেতাকর্মীদের সাথে কোনো আলাপ আলোচনা না করেই গোপনে উপজেলা বিএনপির কয়েকজন নেতা নতুন কমিটি গঠন করেছে। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে অন্তদন্তের সৃষ্টি হয়েছে।
বড়গাছা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাদকারী রেজাবুল হক চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা বিএনপির কিছু নেতা গোপনে বড়গাছা ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করেছে। তাই আমিসহ নতুন আহবায়ক কমিটি থেকে ২১ জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
আরও পড়ুন: ২৯ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ
তিনি আরও বলেন, নুতন আহবায়ক কমিটির হওয়ার পর থেকে ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে অন্তদন্দের সৃষ্টি হয়েছে। যে কোণো মুহুর্তে সংঘাত সৃষ্টি হতে পারে। তার মতে, নতুন আহবায়ক কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিতিতে একটি সুন্দর কমিটি উপহার হোক।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি) বলেন, লিখিত পদত্যাগ পত্রের কপি তারা আমার বাসায় রেখে গিয়েছিলেন। সেই কপি আমি হাতে পেয়েছি। ইতি মধ্যেই পদত্যাগ করা ২১ জনের মধ্যে ১০ জন তাদের সদস্য পদ বহাল রাখার জন্য আবেদন করেছেন। তাদের দাবি, বড়গাছা ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে কতিপয় কয়েকজন লিখিত পত্রে স্বাক্ষর নিয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
একাত্তর/আরবিএস