ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চেরে ধাক্কায় বালুমতি নামের একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ দুর্ঘটনায় ফেটে গেছে লঞ্চের সামনের কিছু অংশ।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি থেকে সাড়ে তিনশ' যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ ফারহান-৭ সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়।
এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়। ট্রলারে করে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে।
এসময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের তোপের মুখে লঞ্চটি সারদল এলাকায় চরে ভিড়িয়ে দেয় কর্তৃপক্ষ। পরে যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যান।
ঘটনার পরপরই তুষখালী থেকে থেকে ঢাকাগামী পূবালী-৭ নামক লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন: পরিবারের অবহেলায় আত্মহত্যার অভিযোগ
খবর পেয়ে ঘটনাস্থলে যান নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, ফায়ার সার্ভিস ও পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লঞ্চটি আপাতত মেরামত না করা পর্যন্ত সারদল এলাকায় সুগন্ধা নদীর তীরে থাকবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে