গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। কারা কর্তৃপক্ষের দাবি, শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ওই হাজতি কারাগারে অসুস্থ পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাজতির নাম খায়রুল আলম (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, খায়রুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেনীতে খাবার তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
তিনি আরও বলেন, ঢাকার সাভার থানায় দায়ের করা একটি মামলায় ২০১৮ সালের ৭ জুন থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। ময়না তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/এসি