নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ইঁদুরের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় ফাঁদের বিদ্যুতের লাইন ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে খেতের ভেতর প্রবেশ করেন কৃষক মো. লিটন তালুকদার। এসময় নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কৃষক লিটন তালুকদার ঐ গ্রামের হানিফ তালুকদারের ছেলে। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ আট

নলছিটির মোল্লাহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মোতালেব হোসেন জানান, দুর্ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ কৃষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ