এক সময়ের স্রোতস্বিনী নদী জাঙ্গালিয়া এখন মরা খাল

ঝালকাঠির রাজাপুরের জাঙ্গালিয়া নদীটি মরেই যাচ্ছে দখল আর দূষণে। নব্বইয়ের দশকেও নদীটিতে নিয়মিত চলাচল করত লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান। 

কিন্তু, নদীর পাড় ভরাট করে স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। এরপর থেকে নদী হয়ে যায় মরা খাল। 

এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার বাগড়ি বাজার থেকে পশ্চিম দিক থেকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত ভরাট করে গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনার কারণে নদীতে পানির চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, এই নদীতে এক সময় বড় বড় তেলবাহী জাহাজও চলত। তবে দখলের দৌড়াত্ম্যে এখন খালে পরিণত হয়েছে এটি। 

শুকনো মৌসুমে নদীটি থাকে পানিশূন্য। আর, বর্ষাকালে নদী হয়ে যায় খাল। তাই দ্রুত নদীটি দখলমুক্ত করে খননের দাবি তুলেছেন এলাকাবাসী। 

এদিকে প্রশাসন বলছে, নদী দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। 

আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ও বাড়িওয়ালা গ্রেপ্তার

রাজাপুরের ইউএনও মো. মোক্তার হোসেন জানান, যদি একটি খাল খননের প্রকল্প পাওয়া যায় তাহলে এটি খননের পাশাপাশি আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে। 

উল্লেখ্য, ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে পিরোজপুরের কাউখালির সন্ধ্যা নদীতে মিশেছে প্রায় ১৫ কিলোমিটারের এই জাঙ্গালিয়া।


একাত্তর/এসজে