জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামের ফজর আলীর একমাত্র মেয়ে ফজিলা খাতুন। স্থানীয় রণরামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফজিলা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
পরিবারের লোকজন বলছে, সব এলাকায় সন্ধান চালালেও তার খোঁজ পাননি তারা। এরপর নিরুপায় হয়ে গত ২৮ মার্চ অপহৃত ফজিলার বাবা সদর থানায় অপহরণ মামলা করেন।
মামলায় একই এলাকার শাহ আলী বেপারীর ছেলে আনোয়ার হোসেন বাবুকে আসামি করেন নিখোঁজ ফজিলার বাবা।
পরিবার এবং এলাকার লোকজন বলছে, ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার পথে বাবু তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। ২৬ মার্চ একা পেয়ে তাকে অপহরণ করেছে। এর আগেও বাবুর বিরুদ্ধে একাধিক নারী নির্যাতন ও অপহরণের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা বলছেন, স্কুল-কলেজে যাওয়ার পথে সন্তান এভাবে হারিয়ে যাওয়ার ঘটনায় তারা শঙ্কিত। দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীর শাস্তির দাবি তাদের।
মামলা দায়েরের পর অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানালেন মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
একাত্তর/ এনএ