ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০

মেয়ের বিয়ে দেয়া নিয়ে মতবিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং আবু হানিফ (৪৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মির্জা মোহাম্মদ হাসান জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে ৪-৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইয়েরা এ বিয়েতে মত দেননি।

এ নিয়ে রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। এর জের ধরে  গ্রামের আক্তার মিয়া ও বকুল মিয়া গ্রুপের লোকজন সোমবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


একাত্তর/এসএ