প্রশিক্ষণ ও সরকারি ঋণ পাবেন আশ্রয়ণ প্রকল্প-২ এর বাসিন্দারা

আশ্রয়হীনদের সরকারের পক্ষ থেকে দুই শতক করে জমি দলিল করে দেওয়ার পাশাপাশি ঘর করে দেওয়ার মতো নজির পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশের সবচেয়ে বড়ো আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। 

তোফাজ্জল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবেন তাদের বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তোলা হবে। পাশাপাশি তাদের জন্য সরকারি ঋণ সুবিধাও দেওয়া হবে। 

প্রকল্পের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর গুণগত মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। 


পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্পের পিডি ও যুগ্ম সচিব আবু সালেহ মো. ফেরদৌস খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: চুরি-ছিনতাইয়ের মামলা না নিলে থানার বিরুদ্ধে ব্যবস্থা

পরে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রকল্প স্থলে গাছের চারা রোপণ করেন।  

প্রসঙ্গত, কসবা উপজেলার মনকাশাই মৌজায় গড়ে উঠা এই আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হবে চারশ’ পরিবারের। তাদের দুই শতাংশ ভূমি ও দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে ঘর করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে স্কুল, খেলার মাঠ, মসজিদ, মন্দিরসহ সকল সুযোগ সুবিধা থাকবে।


একাত্তর/এসি