মেরিন ড্রাইভে পানবোঝাই ট্রাক খাদে, একজন নিহত

কক্সবাজারে মেরিন ড্রাইভে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। 

নিহতের নাম পাঠান আলী (৩৫)। পেশায় তিনি একজন পান ব্যবসায়ী। তিনি উখিয়া উপজেলার ভালুকিয়া এলাকার বাসিন্দা।

শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, কক্সবাজারগামী পানভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি এলাকায় খাদে উল্টে পড়ে গেলে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। 

এছাড়াও ট্রাকচালকসহ আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো