নদী থে‌কে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মাসুদ না‌মে এক বালু ব‌্যবসায়ী‌কে ১লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সা‌থে এসময় দুইশ ঘনফুট বালু জব্দ করা হয়। শ‌নিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মেঘাদল বাজারের কর্ণঝোড়া নদীতে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান।

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা যায়, ক‌য়েকদিন ধ‌রে ওই নদী থে‌কে অ‌বৈধভা‌বে ড্রেজার ব‌সি‌য়ে বালু উ‌ত্তোলন ক‌রে আস‌ছিল এমন ত‌থ্যের ভি‌ত্তি‌তে কর্ণঝোড়া নদী‌তে অ‌ভিযান চালায় ভ্রাম‌্যমান আদালত। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় মাসুদ নামে এক বালু ব‌্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফকরুজ্জামান কালোসহ অ‌নে‌কেই উপ‌স্থিত ছি‌লেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।

একাত্তর/এসএ