বজ্রপাতে আতঙ্কিত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।   

নিহত শ্রমিকের নাম লোকমান হোসেন (৪২)। তিনি রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের খালেক মাঝির ছেলে।   

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান, লোকমান এসবিএম ইটভাটায় এ ডগে কাজ করতেন। বৃষ্টির সময় শুক্রবার সন্ধ্যার দিকে ইটভাটার কাঁচা ইটের উপর ত্রিপল দিতে যান লোকমানসহ ইটভাটার ১৫-২০ জন শ্রমিক। 

আপোড়া ইটে ত্রিপল দিয়ে ফেরার পথে পাশে দিয়ে বজ্রপাত হলে ভয় পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান লোকমান। পরে উপস্থিত অন্য শ্রমিকেরা গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।  

আরও পড়ুন: আজ থেকে শুরু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

এরপর গ্রাম্য চিকিৎসকের পরামর্শে এক ঘণ্টা পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে