পাটুরিয়া ঘাটে ট্রাক পারাপারে বাস যাত্রীদের দুর্ভোগ

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। 

শনিবার (২৩ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায় ঘাটে পারের অপেক্ষায় ৪’শর ওপরে পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। 

পাশাপাশি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসগুলো ফেরি পার হতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারের কারণে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার, মাইক্রোবাসের ব্যক্তিগত গাড়ি পারাপারে সময় বেশী লাগছে।

যাত্রীবাহী বাস চালকরা জানান, এখনো ঈদের নয়দিন বাকি থাকলেও ঘাট পার হতে অপেক্ষায় থাকতে হচ্ছে দেড়-দুই ঘন্টা। অতিরিক্ত ট্রাক পারাপার হচ্ছে বলেও অভিযোগ বাস চালকদের।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ নেওয়াজ বলেন, ঈদযাত্রায় ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে ঈদের তিনদিন আগ থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে বিধায় এখন ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকও পারাপার করা হচ্ছে। সেকারণে বাস ও ব্যক্তিগত যান পারাপারে কিছুটা সময় লাগছে। 

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করলেও শুক্রবার রাতে মাধবীলতা নামের একটি ইউটিলিটি ফেরি বিকল হওয়ায় বাকী ১৮টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে। বিকল ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতের কাজ চলেছে।


একাত্তর/এআর