কোনো রকমে সচল শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট

ছোট ও মাঝারি ছয়টি ফেরি দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন পারাপারের মাধ্যমে কোনোরকমে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট সচল রেখেছে কর্তৃপক্ষ। 

কাকলী, ক্যামেলিয়া, কর্ণফুলি, কুঞ্জলতা, রানীগঞ্জ আর সুফিয়া কামাল রয়েছে এই নৌরুটের ফেরি বহরে। এরমধ্যে কর্ণফুলির চলাচল আবার বন্ধ থাকে রাতের বেলায়।  

আগে ঈদযাত্রার বহরে ১৭-১৮টি ফেরিতে যানবাহন পারাপার করা হলেও, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ফেরি না বাড়ালে ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে এ পথের যাত্রীদের।

শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুর নিরাপত্তা ও নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে এই পথে ফেরি চলাচল সীমিত রাখা হয়েছে। 

মাঝিরকান্দি ঘাট চালু করা গেলে তবেই এই রুটে বাড়বে ফেরির সংখ্যা, জানান তিনি। 

যদিও এখনও তেমন গাড়ির চাপ নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় দেখা গেছে পারাপারের অপেক্ষায় ৩০টির মতো হালকা যানবাহন। এরপর ঘাটে ফেরি পৌঁছলেই অল্পক্ষণেই ফাঁকা হয়ে যায় ঘাট।  


একাত্তর/জো