বরিশালের বাকেরগঞ্জে রবিউল ইসলাম রনি মোল্লাকে হত্যা মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম মামুন এবং তার সহযোগী আবদুর রবকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১ মে) বেলা ১১টায় বরিশাল র্যাব-৮ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান এই তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, বিগত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা রবিউল ইসলাম রনির বাড়িতে হামলা করে কুপিয়ে হত্যা করে তাকে। এসময় আরও তিনজন আহত হয়।
জামিল হাসান আরও জানান, এই ঘটনায় মামলা হলে পালিয়ে যায় উল্লেখিত দুই আসামী। পরে র্যাবের অভিযানে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
হত্যা মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম মামুনের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, জমি দখলের ২২ মামলা রয়েছে বলেও জানা গেছে।
একাত্তর/জো