বাগেরহাটের সদর উপজেলার উজলপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির শেখ (২২) নামের এক দিনমজুর মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজলপুর গ্রামের লাল মিয়া শেখের পোল্ট্রি মুরগির ফার্মে কাজ করতেন জাকির হোসেন।
সোমবার (৯ মে) ভোর ৫টার দিকে পোলট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এসময় জাকির হোসেন লাল মিয়াকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা উভয়কে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। আহত লাল মিয়া শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ডিভোর্স দেয়ায় স্ত্রীকে ফাঁসাতে নিজের মামাকে হত্যা
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলিমুজ্জামান জানান, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।