ঝালকাঠিতে গুদাম থেকে সাড়ে ১৩ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

ঝালকাঠি শহরের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের আড়তদারপট্টি এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেন।

এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস।

তিনি জানান, ঝালকাঠির আড়তদার পট্টির ব্যবসায়ী বিকাশ কুণ্ডর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্যমূল্যে ভোক্তাদেরকে দিয়ে দেয়া হয়েছে। এসময় তার গোডাউন থেকে ১৬ কেজির ৮০০ টিন, পাঁচ লিটারের ৩৪ কার্টুন, ১৬ লিটারের ৪৮টি কন্টেইনার এবং ৫০০ গ্রামের ১৬টি বোতল উদ্ধার করা হয়।

সাধারণ ক্রেতা মনির হোসেন, খসরু নোমান, এবং আলাউদ্দিন বলেন, ঝালকাঠিতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেল মজুদ করে রেখেছে।

আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বৃদ্ধকে হত্যায় মেয়ে, জামাই ও নাতি গ্রেপ্তার

অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ওই ব্যবসায়ীকে। পরে তেল নিতে আসা সাধারণ মানুষের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে উদ্ধার করা তেল বিক্রি করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, বাজারে সয়াবিন তেল সংকট দেখিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য অবৈধভাবে ব্যবসায়ীরা মজুত করেছেন। এ অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে।


একাত্তর/এসজে