কক্সবাজারের ঈদগাঁওয়ে দায়িত্বপালনের সময় অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন বনকর্মী আখতারুজ্জামান।
বুধবার (১৮ মে) বেলা সাড়ে বারোটার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা। তিনি ভোমরিয়াঘোনা বিটের ফরেস্ট গার্ড পদে কর্মরত ছিলেন।
ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, আখতারুজ্জামান আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যান। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালান তিনি।
এক পর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
আরও পড়ুন: কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু, দুই বন্ধু আটক
রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহ নিয়ে সদর হাসপাতালে অবস্থান করছেন তিনি। প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ বন কর্মকর্তা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে