পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শুক্রবার (২০ মে) সরেজমিনে দেখা গেছে হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে তিনটিই পানিতে তলিয়ে গেছে। বাকী দুইটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করানো হচ্ছে।
তলিয়ে যাওয়া ঘাট তিনটি ওপরে উঠানোর কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এদিকে, অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। নদী পারের অপেক্ষায় এরই মধ্যে আটকে পড়েছে আট শতাধিক ট্রাক। এছাড়াও ঘাট অপ্রতুলতায় প্রতিটি বাসেরও ফেরি পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, হঠাৎই পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ার ঘাটগুলোর ওপর পানি চলে এসেছে। একটি ঘাট সংস্কার করা হলো হলেও এখনো দুইটি ঘাট অকেজো রয়েছে। ১ নং ফেরিঘাট এবং ৫ নং ফেরিঘাটের পন্টুন এখনো পানির নীচে তলিয়ে আছে।
তিনি আরও জানান, ৩ নম্বর ফেরিঘাট নতুন করে সংস্কার করার পর ২,৩,৪নং ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট সংকট, নদীতে প্রবল স্রোত এবং পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া ফেরি ঘাটে প্রায় হাজারখানেক পণ্যবোঝাই ট্রাক আটকে আছে বলে জানান তিনি।
এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার পরিবহন এবং ব্যক্তিগত ছোট গাড়িরও দীর্ঘ সারি তৈরি হয়েছে পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ফেরিঘাটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার চলছে।
একাত্তর/জো