লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে ঘরের পাশের পুকুরে ডুবে মারা গেছে দেড় বছরের এক শিশু। 

রোববার (২২ মে) দুপুরে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা নামের নিহত শিশুটি উপজেলার চরলরেন্স গ্রামের নিঃসন্তান কৃষক আলমগীর হোসেন ও কুলছুম দম্পতির দত্তক মেয়ে। এই দম্পতির কোন সন্তান না থাকায় আলমগীরের আত্মীয় শাহরিয়ার কামাল পাবনা থেকে ওই শিশুটিকে দত্তক কন্যা হিসেবে তাদেরকে এনে দেন। 

শাহরিয়ার কামাল জানান, রোববার সকালে বাড়ির উঠানে শিশুটি হামাগুড়ি দিচ্ছিল। পরিবারের অন্য সদস্যদের অগোচরে শিশুটি ঘরের কোণের পুকুরে পড়ে যায়। শিশুটিকে হারিয়ে তার পিতা-মাতা শোকে কাতরাচ্ছেন বলেও জানান তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান হোসাইন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি বেদনাদায়ক। কিভাবে মৃত্যু হয়েছে- সেই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো