লেবু গাছ নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

মেহেরপুর জেলায় লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভাই খলিল বিশ্বাস (৬০) নিহত হয়েছেন। 

সোমবার (২৩ মে) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। নিহত খলিল বিশ্বাস মেহেরপুরের গাংনীর হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের উদযাপন

নিহত খলিলের মেয়ে পারভিনা খাতুন জানান, শনিবার বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোট ভাই হবিবর রহমানের সাথে খলিল বিশ্বাসের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোটভাই হবিবর তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে।

পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা খলিল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিছেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরবিএস