পটুয়াখালীতে সাবেক স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করেছেন পুলিশের হাতে আটক সাবেক স্বামী আব্দুল জলিল।
রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্য জানান দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ইতি আক্তার (২৬)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
ঘটনার পরদিন শুক্রবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় দুমকি থানা পুলিশের একটি টিম অভিযুক্ত সাবেক স্বামী জলিলকে তার গ্রামের বাড়ি মিরপুর উপজেলার সামন্ত গ্রাম থেকে আটক করে।
প্রেস ব্রিফিংয়ে ওসি আবদুস সালাম লিখিত বক্তব্যে জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জলিলের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।
ওসি জানান, জলিল ঘটনার দিন বিকেলে দুমকি উপজেলার পাগলার মোড়ে আসেন। সন্ধ্যায় তিনি একটি দোকান থেকে দুই লিটার পেট্রল কিনে রাত ৯টার দিকে শ্বশুরের ঘরের পেছনে অবস্থান নেন। রাত গভীর হলে কৌশলে ঘরে ঢুকে ইতির শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘরের লোকজন টের পেলে জলিল পালিয়ে পায়ে হেঁটে পাগলার মোড়ে আসেন। সেখান থেকে রাত আড়াইটার দিকে একটি মাহেন্দ্রতে বরিশাল পৌঁছান। বরিশাল থেকে শনিবার সকালে কুষ্টিয়ায় নিজ গ্রামে চলে যান।
আরও পড়ুন: ডলারের একক দাম নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক
এ ঘটনায় শনিবার (২৮ মে) রাতে মৃত ইতি আক্তারের বাবা মান্নান খান বাদি হয়ে দুমকি থানায় আব্দুল জলিলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আটককৃত জলিলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি