নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’ গঠন

ইন্টারনেটের দুনিয়ায় অপরাধ হলে তা থেকে প্রতিকার পেতে সাইবার ক্রাইম মনিটরিং সেল, নারায়ণগঞ্জ জেলা পুলিশ নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে৷ এ পেজের মাধ্যমে সাইবার অপরাধের শিকার ব্যক্তি পুলিশের কাছে তার অভিযোগ জানাতে পারবেন সহজেই।

নাম-পরিচয় গোপন রেখেই তার সমস্যা সমাধানে কাজ করবে জেলা পুলিশ।

রোববার (২৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিবির পরিদর্শক এনামুল হক ও এসআই হাফিজুর রহমান।

তরিকুল ইসলাম বলেন, রেঞ্জ ডিআইজির নির্দেশে সাইবার সেল মনিটরিংয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। বিভিন্ন ধরণের সাইবার বুলিং, প্রতারণা, জিমেইল-ফেসবুক হ্যাকিং ও বিকাশের প্রতারণা; এগুলোকে কঠোরভাবে দমন করার জন্য সাইবার পেট্রোল ২৪ ঘণ্টা চালু থাকবে। ভুক্তভোগীকে বিভিন্ন আইনগত পরামর্শ দেয়া, প্রয়োজনে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সাইবার টিম।

আরও পড়ুন: নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্তাদেরও বিদেশ সফর বাতিল

নারায়ণগঞ্জ-বাসীর দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে চায় জেলা পুলিশ। সেবা পেতে হট-লাইনেও অভিযোগ জানাতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/আরএ