খুলনায় ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস খাদে, নিহত দুই

খুলনায় বাসের চাপায় ভ্যান ও মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জুন) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার গুটদিয়া এলাকায় এ  সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং ডুমুরিয়ার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক। আহতদের নাম, পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত আরও চার 

স্থানীয়দের বরাত দিয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত এবং অনেকে আহত হন। 

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/এসি