শরীয়তপুরে জাজিরা এলাকায় দুর্বৃত্তের হামলায় শিক্ষক সাইফুল মালত মারা গেছেন। বুধবার রাতে ১০ টার দিকে জাজিরার খোশাল শিকদার কান্দি এলাকায় বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান তাকে ঢাকায় স্থানান্তর করেন। পথেই সাইফুল মারা যান।
নিহত সাইফুল মালত জাজিরা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোশাল শিকদার কান্দি গ্রামের হাজী কিনাই মালতের ছেলে। এছাড়া তিনি সেনেরচর বি এম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।
মৃত সাইফুলের বড় ভাই শামছুল হক মালত জানান, ‘আমার ভাই মারা যাওয়ার আগে তার ওপর যারা আক্রমণ করেছে তাদের মধ্যে থাকা কয়েকজনের নাম বলে গিয়েছে’।
ঘটনার সময় সাইফুলের সঙ্গে থাকা হিরো শেখ জানান, ‘আমরা জাজিরা বাজার থেকে সাইফুল মালতের বাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে হামলাকারীরা আমাদেরকে আক্রমণ করলে আমি পালিয়ে চলে যাই কিন্তু সাইফুল মালতকে তারা কুপিয়ে জখম করে’।
মৃত সাইফুলের স্ত্রী জানান, আমাদের পরিবার এখন অসহায়। দুর্বৃত্তের শাস্তির দাবী জানাচ্ছি।
এদিকে, ঘটনার পরপরই সাইফুল মালতের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা এবং ভাংচুর চালায় দুর্বৃত্তরা। কিছু ঘরে আগুনও দেয়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে খোশাল শিকদার কান্দি এলাকার আলেম ফকিরের ছেলে সুজন ফকির (২৫) নামে একজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা একজনকে আটক করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।
একাত্তর/ এনএ