গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) বেলা এগারোটার দিকে স্থানীয় শাহজাহান মিয়ার বাড়ির বারান্দায় এ মরদেহ পাওয়া যায়।
নিহত মদিনা খাতুন (৩৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চরআলগী গ্রামের মাসুদ রানার স্ত্রী। তিনি গত তিন বছর ধরে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থেকে ফখরুদ্দিন টেক্সটাইলে চাকরি করে আসছিলেন।
তার স্বামী মাসুদ রানা স্থানীয় আমান টেক্সটাইলে লোডশেডিং শাখায় কর্মরত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত মদিনার ভাই মোফাজ্জল হোসেনের দাবী, হত্যার পর তার বোনকে বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছে আত্মহত্যা বলে চালানোর জন্যে।
আরও পড়ুন: ক্লিনিকে ঢুকে স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে জখম, আটক এক
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, কয়েকদিন ধরে টাকাপয়সা নিয়ে স্বামী মাসুদ রানার সাথে কলহ চলছিল মদিনার। সোমবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এ কর্মকর্তা।
একাত্তর/এসজে