উত্তেজনা আর নাটকীয়তা শেষে হাসি হাসলেন নৌকার রিফাত

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ভোট গণনার শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এগিয়ে গিয়েও ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত হন। 

১০৫ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। এছাড়া নিজামউদ্দিন নামের আরেক স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

ভোটগণনা শুরুর পর প্রাপ্ত ফলাফলে রিফাত ও সাক্কুর মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিলো। ১০৫ কেন্দ্রের মধ্যে প্রথমে ৫২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গিয়েছিলো সাক্কু এগিয়ে ছিলেন রিফাতের থেকে। তখন রিফাতের ভোট ছিলো ২৫ হাজার ৩১৯টি। আর সাক্কুর প্রাপ্ত ভোট ছিলো ২৬ হাজার ৬৫টি।

পরে ৯৩টি কেন্দ্র থেকে পাওয় ফলে দেখা গেছে, আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৪ হাজার ৩৮৫ ভোট। আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৪ হাজার ৭৭৮টি ভোট।

এরপর ১০৫ কেন্দ্রের মধ্যে ১০১টির বেসরকারি ফলে দেখা গেছে দেয়াল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ৪৮ হাজার ৪৯২টি ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট পেয়েছেন।

এ পযায়ে বুধবার রাত নটার দিকে শিল্পকলা একাডেমির অডোটেরিয়ামে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিশৃঙ্খলতার ও গোলযোগের কারণে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা বন্ধ করা হয়। বুধবার রাত নয়টার দিকে ফল ঘোষণা বন্ধের তথ্য জানা যায়।

আধা ঘণ্টার বেশি সময় ফল ঘোষণা বন্ধ থাকার পর রাত সাড়ে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা সিটি নির্বাচনের সব কটি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেন এবং নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা করেন। 

প্রথমবারের মতো সব কটি কেন্দ্রে ইভিএমে অনুষ্ঠিত এ নির্বাচনে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। শুধু তাই নয়, এ নিয়ে কুমিল্লা সিটি করপোশেন গঠনের পর প্রথমবারের মতো জয় পেল আওয়ামী লীগ।

এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১০৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, কুসিকের নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে।


একাত্তর/এআর