নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে বানভাসি মানুষকে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে রক্ষিত অবস্থা থেকেই ত্রাণ সামগ্রী চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মো. মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মো. নাসিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুরিকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজির ৩০ প্যাকেট চাল, ১ কেজির ১৬ প্যাকেট মসুরের ডাল, ১ কেজির ১৬ প্যাকেট চিনি, ১ লিটারের ১৬ বোতল সয়াবিন তেল, ১০০ গ্রাম করে হলুদ, মরিচ, ধনিয়ার ১৬ টি পেকেট।
স্থানীয় লোকজন জানিয়েছে, সোমবার রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা নাসিম মিয়ার তত্ত্বাবধানে রাখা হয়। মঙ্গলবার সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনও অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে স্থানীয় জিয়াখরা বাজারের তথ্য উদ্যোক্তা নাসিমের ষ্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার হয়।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।