নেত্রকোণার কলমাকান্দার পোগলায় নিজ বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু মোহাম্মদ আলী গুতুরা গ্রামের অটোরিকশা (সিএনজি) চালক আশিক মিয়ার ও সমলা আক্তার দম্পতির ছোট সন্তান।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে বন্যার হাঁটু পানি। বাবা সিএনজি চালাতে সকালে বের হয়ে যান। মা ঘরের কাজে ব্যস্ত। বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশু মোহাম্মদ আলী ঘরের বারান্দায় খেলছিল।
এক পর্যায়ে বারান্দায় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। এসময় বাড়ির উঠানে বন্যার পানিতে চাচী মুক্তা আক্তারের পায়ে লাগে পানিতে ডুবে থাকা শিশুটির নিথর দেহ। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে একাত্তরকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো