কৃষক হত্যার দায়ে আট জনের যাবজ্জীবন

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের কাজিপুরে কৃষক হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের।

সোমবার (২৭ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের মকবুল সরকারের ছেলে আব্দুর রাজ্জাক মাস্টার, গেন্দা মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম, মোকসেদ আলীর ছেলে আব্দুস সাত্তার, শালগ্রামের হযরত মণ্ডলের ছেলে সুরুত আলী, জয়েন উদ্দিনের ছেলে হায়দার আলী, মোকসেদ আলীর ছেলে আমজাদ হোসেন ও জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার আবুল সরকারের ছেলে মনির হোসেন।

দণ্ড-প্রাপ্তদের মধ্যে আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুল মান্নান ও শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। বাকি ২৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি ওয়াস করোনী লকেট ও এপিপি শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের জেলহক মণ্ডলের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

১৯৯৬ সালের ১৭ মার্চ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায় আব্দুর রাজ্জাক মাস্টার ও তার লোকজন। ধান কাটার সংবাদ পেয়ে জেলহকের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে রাজ্জাক মাস্টারের লোকজন দেশিয় অস্ত্র লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ হামলায় জেলহক মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।

পরে নিহতের ছেলে আব্দুর রহিম ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ছাত্রের লাঠির আঘাতে মৃত সেই শিক্ষকের বাড়িতে শোকের মাতম

মামলার তদন্ত শেষে পুলিশ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।


একাত্তর/আরএ