পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে টিকটক করা সিআইডির হাতে আটক বায়জিদ তালহার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার (২৭ জুন) বিকেল পাঁচটার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে তেলিখালীর গ্রামের বাড়িতে হামলা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
বায়জিদের ভাবি জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে ১০/১২টি মোট সাইকেল একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে বাড়িতে হামলা করে। এ সময় বসতঘর, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আকস্মিক এ ঘটনায় তারা পাশের বাড়িতে আশ্রয় নেন।
পাশের বাড়ির এক গৃহবধূ জানান, টিনে পেটানোর শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি কিছু লোক ঘরের টিন ভাঙচুর করছে। তাদের অপরিচিত লেগেছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, মোবাইল ফোনে তার ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন। তারপর তিনি চৌকিদারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের সঙ্গে আলাপ করে তিনি জেনেছেন, যারা এ হামলা ও ভাঙচুর করেছে তারা সবাই অপরিচিত।
এ ব্যাপারে লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান অমর ইলিয়াস বাচ্চু বলেন, পদ্মা সেতুর নাট-বলটু খুলে নিয়ে বায়জিদ যে টিকটক করেছে তা ঠিক করেনি, তেমনি তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে এটাও উচিত হয়নি।
আরও পড়ুন: আমেরিকায় লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু উৎসুক মানুষ ক্ষিপ্ত হয়ে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে বলে মনে হয়েছে। এতে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাস ভেঙে গেছে ও মোটর সাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বসত ঘরে ইট পাটকেল নিক্ষেপ করায় কিছুটা ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
একাত্তর/এসি