বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রাম থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে ওই গ্রামের আউয়াল মাষ্টারের বাড়ির পাশের বিল থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা।
অজগরটি মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছবুর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি সদস্য নিবাস হালদার, জাহাঙ্গীর হোসেন ও সিপিজি সদস্য মহিদুলকে নিয়ে বনরক্ষীরা অজগরটি উদ্ধার করেন। ১২ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১৫ কেজি।
অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান স্টেশন কর্মকর্তা।
এর আগেও বনের পাশের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি অজগর ও বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ বা বন্য যেকোনো প্রাণী দেখলে তাদেরকে না মেরে বনবিভাগকে খবর দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে গ্রামবাসীকে।
একাত্তর/জো