অর্ধকোটি টাকার যন্ত্রাংশসহ ১২ গাড়িচোর গ্রেপ্তার

গাজীপুরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের গাড়ির যন্ত্রাংশসহ চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জুন) বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও গাড়ীর ইঞ্জিনসহ ট্রাক বোঝাই করে ঢাকায় নিয়ে বিক্রি করার উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতির সময় গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকাসহ গাজীপুরে এই চোর চক্রের সদস্যরা ট্রাক, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার ও পিকআপ চুরি করে নিয়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের মেসার্স সোনিয়া এন্টারপ্রাইজ নামের ভাঙ্গারির ওয়ার্কশপে রাখে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ। 

এসময় পঞ্চাশ লাখ টাকা মূল্যের বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও গাড়ীর ইঞ্জিনসহ ট্রাক বোঝাই করে ঢাকা নিয়ে বিক্রি করার উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতির সময় এই চোর চক্রের সদস্যদের কাছ থেকে সেগুলো উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, যাত্রী সেজে, আবার কখনও ‘মাস্টার কি’ (বিশেষ চাবি) দিয়ে পার্কিং করে রাস্তার পাশে রাখা গাড়ির লক ভেঙে চোখের পলকেই গাড়ি নিয়ে সটকে পড়ে এই গাড়ি চোর চক্রের সদস্যরা। গাজীপুরসহ রাজধানী থেকে প্রতিনিয়ত এভাবেই চুরি হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি। 

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে ভবানীপুর গ্রামের সাইফুল ইসলাম, আলম ভূঁইয়া, মনির হোসেনসহ পরস্পরের যোগসাজশে তাদের আরও ৮-৯ জন সহযোগী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে কৌশলে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল চুরি করে চোরাই গাড়িগুলো নারায়ণগঞ্জ ও গাজীপুরের নির্দিষ্ট জায়গায় নিয়ে রাখে। পরে রাতের আঁধারে চোরাই গাড়িগুলো কাটিং করে ঢাকায় নিয়ে বিক্রি করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে