দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এবার একসঙ্গে প্রায় তিন লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ শুরু হয়। এর পর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করেন দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
জানা যায়, ২২ একর আয়তনের এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আধুনিক নির্মাণশৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে। কিন্তু গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
বৃহৎ এই জামাতের প্রধান উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, এক সঙ্গে প্রায় তিন লাখ মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন। সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: সঙ্কট মুক্তির প্রার্থনায় সারাদেশে ঈদুল আযহা উদযাপিত
বৃহৎ এই জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিক্যাল টিম। পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
একাত্তর/এসি