ঈদের জামাতে দাঁড়ানো কৃষককে ধারালো অস্ত্রের কোপ

বগুড়ার ধুনটে ঈদের জামাতে দাঁড়ানো অবস্থায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ফারুক আহমেদ নামে এক কৃষক। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়।

রোববার (১০ জুলাই) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত কৃষক ফারুক বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈলধুকরি পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। ফারুক আগে ধুনটের বেড়েরবাড়ি বুড়িরভিটা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে বর্তমানে তিনি বেড়েরবাড়ির পাশের গ্রাম শাজাহানপুর উপজেলার শৈলধুকরি পশ্চিমপাড়া গ্রামে সপরিবারে বসবাস করে আসছেন।

আহত ফারুক জানান, ঈদের নামাজ আদায় করার জন্য সকালে বেড়েরবাড়ি গ্রামের মাঠে যান তিনি। খুতবা শেষে দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক ঐ সময় পেছন থেকে তার ওপর হামলা চালানো হয়। প্রথমে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মারধরের ঘটনায় থানায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো