কুমিল্লার চান্দিনার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন মারা গেছে। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে। সোমবার রাত সাড়ে ১০ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে জানিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।
স্থানীয়রা জানায়, চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। গত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর কাছে হারেন। এর আগে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক।
রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান। এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার হার্টে দুইটি রিং বসানো ছিলো। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর নিয়ম অনুযায়ী এ কে এম রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি হাইকোর্টে আবেদন করে তার মনোনয়ন ফিরিয়ে আনেন। কিন্তু দুঃখের বিষয় গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে যদিও কমিশন থেকে এখনও কোন লিখিত নোটিশ পাইনি। লিখিত নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো।
উল্লেখ্য, গত ৬ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ৮ জুলাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান।
একাত্তর/এসএ