নেত্রকোণার কলমাকান্দায় দুই ব্যবসায়ীকে অপহরণ মামলায় ইউপি সদস্যসহ তার দুই পুত্রের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. কামাল হোসেনের আদালতে ওই মামলার এজাহারভুক্ত ১০ জন বিবাদী আত্মসমর্পণ করে জামিন প্রার্থনার পর আদালতে শুনানি শেষে সাতজন বিবাদীর জামিন মঞ্জুর ও ইউপি সদস্যসহ তিনজনের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য দীবাকর তালুকদার এবং ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রিপন তালুকদার এর দায়ের করা ওই মামলায় জামিন নামঞ্জুর করা বিবাদীরা হচ্ছেন, বর্তমান বড়খাপন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মো. মাইনউদ্দিন বিশ্বাস ও তার পুত্র মো. মিলন বিশ্বাস এবং সঞ্জিত দাস।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কলমাকান্দা থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে একাত্তরকে জানান, মামলার এজাহারভুক্ত ১০ জন বিবাদীর মধ্যে ইউপি সদস্যসহ বিবাদী তিনজনের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ১১ জনের মধ্যে ৪ জন জেলা কারাগারে রয়েছেন।
তিনি আরও জানান, ৯৯৯ কল থেকে পেয়ে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করা হয়। এসময় ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারীদের প্রধান মো. শফিকুল ইসলাম বিশ্বাসকে আটক করে জেলা আদালতে প্রেরণ করা হয়।
বুধবার (১৩ জুলাই) আদালতে প্রধান বিবাদী শফিকুলের পাঁচ দিনের রিমান্ডের শুনানি হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো