গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সী আরও এক শিশু গুরুতর আহত হয়।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে কোনাবাড়ি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোনাবাড়ী কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া বালসাবাড়ি এলাকার রাজু ইসলাম (২৬), শামিম (২৬), গাজীপুর দেউলিয়াবাড়ি এলাকার শাহিন ইসলাম (৩১) ও রাজুর মেয়ে রাইসা। এ ঘটনায় গুরুতর আহত শিশুটিকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কোরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে নগরের কোনাবাড়ী কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। পথে কোনাবাড়ি ফ্লাইওভার পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলটির।
এতে মোটরসাইকেলটির চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। প্রাইভেট কারটিরও ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনাস্থলেই মারা যান শামীম ও শাহীন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজু। মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, মোটরসাইকেলে থাকা চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক আশরাফুল আলম ও নিহত রাজুর আড়াই বছরের মেয়ে রাইসা।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/জো