কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম উল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রোহিঙ্গা আবু বক্কর ওরফে জমির হোসেনকে আটক করেছে এইট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।
শনিবার (১৬ জুলাই) রাতে বালুখালীর এইট ইস্ট ৭৪ নং ব্লক থেকে আটক করা হয় তাকে। অভিযানে একটি দেশীয় দু’নলা বন্দুক ও এ্যামফেটামিনযুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
এইট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, এইট এপিবিএনের কাছে তথ্য ছিল, বালুখালী ক্যাম্পে সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্কর বালুখালীর এইট ইস্ট ৭৪নং ব্লকে তার অস্থায়ী বসতঘরে অবস্থান করছেন।
আরও পড়ুন: রাণীনগরে মাদকসহ যুবক আটক
এই তথ্য নিয়ে এইট এপিবিএন শনিবার রাতেই ওই ঘরে অভিযান চালায়। এসময় চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্করকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও ঘরের ভেতর অভিযান চালিয়ে একটি দু'নলা বন্দুক ও ইয়াবা সদৃশ ১৫ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার কামরান জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্করের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে