এখনও শঙ্কামুক্ত নয় ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেয়া শিশুটি। সেই মেয়ে শিশুটি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে।
তার চিকিৎসার জন্য নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ স ম লোকমান হোসেন চৌধুরী, নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হক খান।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া জানান, বোর্ডের সদস্যরা তার সব চিকিৎসা কার্যক্রম নজরে রাখবেন এবং দেখভাল করবেন।
বোর্ডের প্রধান জানান, ওই শিশুর জন্ডিস, শ্বাসকষ্ট এবং রক্ত স্বল্পতার লক্ষণ রয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে সম্পূর্ণ সুস্থ আছে।
নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে রক্তশূন্যতার কারণে ওই শিশুকে এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। জন্ডিসের চিকিৎসায় দেয়া হচ্ছে ফটোথেরাপি।
আরও পড়ুন: সেই শিশুর জন্য পাঁচ লাখ টাকা ও দেখভালে কমিটি গঠনের নির্দেশ
গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান।
দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিলো। সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। তার দেখভালে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক।
একাত্তর/এসি