ঈদের ছুটি চাওয়ার জের ধরে টঙ্গি মেলগেট এলাকায় হামিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিক এবং পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। আহত ১২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর বাকিদের ভর্তি করা হয়েছে টঙ্গি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে।
আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় ৩ দিনের পরিবর্তে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
জানা যায়, মালিক পক্ষ থেকে ঈদের তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে পোশাক কারখানা থেকে বের হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।