এক্সপ্রেসওয়েতে পিকআপ-অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। 

রোববার (২৪ জুলাই) বেলা পৌনে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর পিকআপ চালক শ্রীনগর গাজাল হাসির আক্কাস দেওয়ানের ছেলে শাকিল দেওয়ানকে (২২) আটক করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকাগামী তীর কোম্পানির একটি হলুদ রংয়ের পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী অটোরিকশা যাত্রী নিহত হন। এসময় অটোরিকশার আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন।  

আরও পড়ুন: ফেসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার এক

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল আহমেদ জানান, পিকআপ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো