রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চাঁদের গাড়ী উল্টে ৯ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
জানা গেছে, রবি চাকমার (৪০) ডান পা ভেঙ্গে গেছে ও সামি উদ্দিনের (৪৭) বাম হাত ভেঙ্গে মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলো গাড়িটি। হঠাৎ ব্রেক করার কারণে সেটি সড়কের উপর উল্টে যায়।
অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করেন এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো