মীরসরাইয়ে দুর্ঘটনায় নিহতদের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত একই গ্রামের ১১ শিক্ষার্থী ও শিক্ষকের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া গ্রামের খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজের জানাজায় গ্রাম ও আশপাশের শত শত মানুষ অংশগ্রহণ করে। 

এদিকে স্বজনহারা বাড়িগুলোতে এখনো চলছে শোকের মাতম। একসাথে এতজন তরুণ-কিশোরের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। ঘটনায় জন্য রেলের অব্যবস্থাপনাকে দায়ী করে দোষীদের শাস্তি দাবি করেন তারা।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানা চত্বরে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দাম হোসেনকে মীরসরাই রেলক্রসিং এলাকা থেকে আটক করে পুলিশ। 

এরপর শনিবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসজে